Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আমার ফোনটা বিক্রি করে কাফনের কাপড় কিনবেন,’ চিরকুটে লিখে ‌‘আত্মহত্যা’

বান্দরবানের পাহাড়ের খাদ থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি যে রিসোর্টে ছিলেন সেখান থেকে চিরকুট পাওয়া যায়

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:৪০ পিএম

“আপনাদের কাছে আমার অনুরোধ রইলো, দয়া করে আমার লাশটি পেলে আমাকে এখানে (বান্দরবানে) দাফন করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মোবাইল ফোনটা বিক্রি করে কাফনের কাপড় কিনবেন।” বান্দরবানের নীলাচলে একটি রিসোর্টের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এমন একটি চিঠি। ধারণা করা হচ্ছে, চিঠিটি লিখে রেখে আত্মহত্যা করেছেন ওই কক্ষে অবস্থানকারী পর্যটক।

রবিবার (২৭ আগস্ট) পর্যটনকেন্দ্র সংলগ্ন সুইন এন থ্রিল এলাকার ৩০০ ফুট খাদ থেকে মো. মারুফ হোসাইন (২৫) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, তিনি গাজীপুরের বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নীলাচল পর্যটনকেন্দ্রের সুইন এন থ্রিল এলাকার একটি খাদ থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তিনি যে রিসোর্টের যে কক্ষে ছিলেন সেখানে টিস্যু পেপারে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

স্থানীয় নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুল ইসলাম জানান, শনিবার রিসোর্টে আসেন তিনি। নিয়ম অনুযায়ী ১২টার দিকে তার কক্ষ ছেড়ে দেওয়া কথা। তবে রবিবার তাকে না পেয়ে খোঁজ শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে সুইন এন থ্রিল খাদে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, খাদের প্রায় ৩০০ ফুট নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, তিনি বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি যে রিসোর্টে ছিলেন সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

চিরকুটে যে ফোনের কথা বলা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কিছু জানায়নি।

   

About

Popular Links

x