Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের অভিযোগ

  • এডিসি হারুন আরেক নারী পুলিশ কর্মকর্তাকে নিয়ে রাতে আড্ডা দিচ্ছিলেন
  • ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান ওই নারী কর্মকর্তার স্বামী
  • নারী কর্মকর্তার স্বামীও একজন বিসিএস ক্যাডার

 

 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগী ও ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন। দুই কেন্দ্রীয় নেতাকে পেটানোর ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তারা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আহতদের সহপাঠী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এডিসি হারুন শনিবার রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন বিসেএস কর্মকর্তা। এ সময় তার সঙ্গে এডিসি হারুনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরই জেরে সঙ্গে থাকা ওই দুই ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে বেদম মারপিট করা হয়।

এ বিষয়ে এডিসি হারুন কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রবিবার দুপুরে এ বিষয়ে পুলিশের প্রেস কনফারেন্স করার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ অন্যায়ের শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা যে করেছে, সে পুলিশের হোক বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কি করেছে, আমরা জিজ্ঞাসা করবো। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে।”

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে এডিসি হারুনের বিরুদ্ধে শিক্ষার্থী পেটানোর অভিযোগ উঠেছে।

   

About

Popular Links

x