Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

সাত বছর বয়সী শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা রিকশাচালক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

চট্টগ্রামে নগরীতে বাসায় ঢুকে সাত বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম। অভিযুক্ত রাকিবুল ইসলাম মুন্না (২২) নগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুরপাড়ের বাসিন্দা।

ওসি খায়রুল বলেন, “সাত বছর বয়সী শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা রিকশাচালক। প্রতিদিনের মতো বাবা-মা কাজে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এক প্রতিবেশী নারী দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। দরজা খুলতেই দেখেন একজন পালিয়ে যাচ্ছে। এরপর তিনি ঘরে ঢুকে বিছানায় বাঁধা শিশুটির প্রাণহীন দেহ দেখতে পান।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আর স্থানীয়দের সহায়তায় এক তরুণকে আটক করা হয়েছে।”

ওসি খায়রুল বলেন, “বাচ্চাটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাড়ের দুই পাশে কালো দাগ রয়েছে। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি।”

   

About

Popular Links

x