কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের আপগ্রেডেশনের কাজ চলমান থাকবে বলে আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি বা বাধার সম্মুখীন হতে পারেন।
রবিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বর একই সময় ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।



