Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জয়পুরহাটে রেললাইনে বসে রোদ পোহাতে গিয়ে মৃত্যু

রেললাইনে বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিতাই আগরওয়ালা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রেললাইনে বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিতাই আগরওয়ালা (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি অবিবাহিত ও মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, নিহত নিতাই আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে। তিনি শুধু রাতের বেলায় বাড়িতে গিয়ে ঘুমাতেন। এছাড়া সারাদিনই আক্কেলপুর রেলগেটের আশপাশে বসে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে রোদ পোহাতে রেলগেট এলাকায় দুই নম্বর লাইনে বসে ছিলেন নিতাই। এ সময় খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেটে ঢুকে পড়ে। এ সময় তিনি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।

নিহতের বড় ভাই গণেশ আগরওয়ালা বলেন, “নিতাই অবিবাহিত ও মাদকাসক্ত ছিল। সে রোদ পোহাতে রেললাইনে বসে ছিল। ট্রেন এলে সে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে কাটা পড়ে।”

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, “স্বজনেরা মরদেহ নিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।”

   

About

Popular Links

x