একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার রাজন বিশ্বাসের স্ত্রী বৈশাখী রায় (২৩)। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পরিবারটি। জন্মের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একে একে মারা গেছে চার নবজাতকের সবাই।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে দুটি ও ভোর ৪টার দিকে বাকি দুই নবজাতকের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের মাঝে বইছে শোকের মাতম।
জানা গেছে, শুক্রবার দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার নবজাতক জন্মগ্রহণ করে। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রবিবার সকালে শহরের অম্বিকাপুর শ্মশানে চার নবজাতককে একসঙ্গে সমাহিত করা হয়।
শিশুদের বাবা রাজন বিশ্বাস বলেন, “শুক্রবার দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পুত্র সন্তানের জন্ম দেয় বৈশাখী। এরপর সন্ধ্যা পর্যন্ত আরও তিন পুত্র সন্তানের জন্ম হয়। আমি এবারই প্রথমবারের মতো বাবা হয়েছি। বিধাতা সব কেড়ে নিয়ে গেল। এই কষ্টের কোনো শেষ নেই।”
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে চার নবজাতককে ঢাকার শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে একজনকে ভর্তি করা হয়। বাকি তিন নবজাতককে অন্যত্র নেওয়া হয়। রাত ২টার দিকে একজন মারা যায়, ভোর পর্যন্ত চারজনই মারা যায়। শিশুদের মা বৈশাখী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, “শিশুদের জন্মের সময় মা বেশ রোগা ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মতো শক্তি তার ছিল না। গর্ভধারণের ২৮ সপ্তাহে বাচ্চাগুলো জন্ম নিয়েছিল। প্রতিটি বাচ্চার ওজন ছিল ৮০০ থেকে ৯০০ গ্রাম।”



