Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

একই দিনে আরও ২৩১টি পৌরসভা, বিভিন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, “৯ মার্চ সাধারণ ও উপ নির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট-বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিল, আজ বিস্তারিত তফসিল জানানো হল।”

তিনি জানান, প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান, ৯ মার্চ যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শুন্য পদে উপ নির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদের ৭টি উপনির্বাচন রয়েছে।

এর মধ্যে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে।

জেলা পরিষদে ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরও নির্বাচিত হন।

অন্যদিকে, গত বছরের ১৩ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হয়। আরফানুল ২০২২ সালে দুই বারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন।

   

About

Popular Links

x