Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হচ্ছে দ্বাদশ সংসদের অধিবেশন, আলোচনায় স্বতন্ত্র এমপিরা

  • সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য
  • ১১ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি
  • সংরক্ষিত নারী আসন নিয়ে বিতর্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

একাদশ জাতীয় সংসদের মতো এবারও প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি। তবে এবার তাদের আসন সংখ্যা মাত্র ১১টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর বাইরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। নির্বাচনে মোট ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। তাদের মধ্যে ৫৯ জন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারাও সংসদে সরকারি দলের বিরোধী ভূমিকায় থাকবে।

এর আগে কখনো এত বেশি স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি। দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দলের সদস্যদের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা প্রায় ছয় গুণ বেশি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় পার্টি ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যদের বিরোধী দৃষ্টিকোণ থেকে গঠনমূলক সমালোচনা করার দারুণ সুযোগ রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকু মনোনীত হয়েছেন। অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সদস্যরা।

নারী আসন বণ্টন নিয়ে প্রশ্ন

দ্বাদশ সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হলেও নারীদের জন্য সংরক্ষিত আসনের বরাদ্দের বিষয়টি বিতর্কিত রয়ে গেছে। এসব আসন বণ্টনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতীয় পার্টি মাত্র ১১টি আসন পাওয়ায় তারা সর্বোচ্চ দুটি সংরক্ষিত আসন বরাদ্দ পেতে পারে। স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট গঠন না করলে সংরক্ষিত নারী আসনে তাদের ভাগ নাও থাকতে পারে। সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান জানিয়েছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ পাওয়ার অন্যতম পূর্বশর্ত হলো জোটগঠন।

গত ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানান। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীদের সংরক্ষিত নারী আসনের বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

আসন ব্যবস্থা

ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

সংসদের স্পিকারের ডানদিকে অবস্থিত ট্রেজারি বেঞ্চ। একাদশ জাতীয় সংসদের মতোই ট্রেজারি বেঞ্চের প্রথম আসনটিতে বসবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, পরবর্তী আসনটি সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর জন্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেখ ফজলুল করিম সেলিমকে পরবর্তী আসন দেওয়া হয়েছে।

প্রথম সারিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের জন্য আসন বরাদ্দ রয়েছে।

সংসদ নেতার পেছনে প্রথম সারির আসনটি পাবেন ক্ষমতাসীন দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সংসদ নেতার বিপরীত দিকে প্রথা মেনে স্পিকারের বাঁদিকে সামনের সারিতে বসবেন বিরোধীদলীয় নেতা জিএম কাদের।

বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু কাদেরের পাশে বসবেন, আর কাদেরের পাশে বসবেন বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বিরোধী দলের উপনেতার সংলগ্ন আসনটি জাপা'র রুহুল আমিন হাওলাদারের জন্য মনোনীত করা হয়েছে।এরপরের তিনটি আসন স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিক, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের জন্য বরাদ্দ করা হয়েছে।

পুলিশের নিষেধাজ্ঞা

সংসদ অধিবেশনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জাতীয় সংসদের আশেপাশে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার মধ্যরাত থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেগুলো হচ্ছে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ’র পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

যেমন হলো একাদশ জাতীয় সংসদ

গত ২৯ জানুয়ারী একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তুলনামূলকভাবে কম সংখ্যক কার্যদিবস থাকা সত্ত্বেও সর্বোচ্চ ২৫টি অধিবেশনে এই সংসদে মোট কার্যদিবস হয়েছে ২৭২ দিন। কোনো ধরনের বয়কট ছাড়াই সক্রিয় অংশগ্রহণ ছিল বিরোধী দল জাতীয় পার্টির।

তবে সংসদের কার্যকারিতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করেন বিএনপির সংসদ সদস্যরা।

একাদশ জাতীয় সংসদের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে বিএনপির সদস্যদের বিরোধীতা মুখে অধিবেশন বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। তবে, ২০২২ সালের ১১ ডিসেম্বর তাদের পদত্যাগের পর সেই প্রাণবন্ততা হ্রাস পায়।

পরবর্তী সময়ে জাতীয় পার্টি, গণফোরাম এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে বিবৃতি দিলেও সংসদের কার্যকারিতা এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুসারে, ২০১৯ সালের ৩০ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২ নভেম্বর পর্যন্ত একাদশ জাতীয় সংসদে মোট ২৫ অধিবেশন বসে। এতে মোট কার্যদিবস ছিল ২৭২।

দশম জাতীয় সংসদে কার্যদিবস ছিল ৪১০ এবং নবম সংসদে কার্যদিবস ছিল ৪১৮।

করোনভাইরাস মহামারির কারণে এই সংসদে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়; যা মাত্র দেড় ঘণ্টা স্থায়ী ছিল।

একাদশ জাতীয় সংসদের মেয়াদকালে মোট ৩১ জন সংসদ সদস্য মারা যান। এর আগে কোনো সংসদের এত সদস্য মারা যাননি। যার ফলে এই সংসদের মেয়াদকালে সর্বোচ্চ সংখ্যক উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে দ্বাদশ সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x