Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘টাঙ্গাইল শাড়ি’র উৎপত্তি বিতর্ক: ভারতের দাবির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ 

টাঙ্গাইলের শাড়ির পরিচয় নিয়ে বিতর্কে জড়ানো এবারই প্রথম নয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতীয় দাবির প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছে টাঙ্গাইলের একদল তরুণ। 

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ করেন তারা। এতে বক্তব্য রাখেন, শিশুদের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ, সমাজকর্মী নাদিউর রহমান আকাশ, আহসান খান আকাশ, মির্জা রিয়ানসহ আরও অনেকে।

বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎস পশ্চিমবঙ্গ-এমনটা দাবি করেছে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। বিতর্কিত দাবিটি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।

পোস্টে দাবি করা হয়েছে, “টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। সূক্ষ্ম উপস্থাপন, প্রাণবন্ত রং এবং জটিল বুননের জন্য শাড়িটি বিখ্যাত, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতিটি টাঙ্গাইল শাড়ি দক্ষ কারুকার্যের প্রমাণ; এটি ঐতিহ্য এবং কমনীয়তাকে একত্রিত করে।“

দেশটির সরকারি দপ্তরের এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে, মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। ভারতের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এই ধরনের বিবৃতির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। টাঙ্গাইলের শাড়ির পরিচয় নিয়ে বিতর্কে জড়ানো এবারই প্রথম নয়। কলকাতা বিমানবন্দরে একটি বাণিজ্যিক শাড়ির উৎপত্তি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল, এটিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়ায় হাতে বোনা হিসেবে চিহ্নিত করে।

এদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা। টাঙ্গাইল জেলা তাঁত মালিক সমিতির সভাপতি রগুনাথ বসাক ঢাকা ট্রিবিউনকে বলেন, টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বলতে টাঙ্গাইলকেই বোঝানো হয়েছে। কী কারণে টাঙ্গাইল শাড়ি অন্য জায়গা থেকে জিআই স্বীকৃতি নেবে। এটি আমাদের জন্য দুঃখজনক। টাঙ্গাইলে উৎপাদন হয় বিধায় টাঙ্গাইলের তাঁতের শাড়ি নামে পরিচিত। বিভিন্ন মান এবং দক্ষতার মাধ্যমে এ শাড়িগুলো তৈরি করা হয়। 

স্থানীয় কবি মাহমুদ কামাল বলেন, কয়েকশ বছরের পুরনো টাঙ্গাইলের শাড়ি। এটি কিভাবে অন্য দেশের নামে জিআই পণ্য হয়। ভারতীয় কবি সাহিত্যিক বাংলাদেশে বেড়াতে আসলে তাদের প্রথম পছন্দ থাকে টাঙ্গাইলের শাড়ি। এখানকার বাহারি ডিজাইয়ের শাড়ি নিয়ে তারা পশ্চিমবঙ্গে ফেরত যান। সেই টাঙ্গাইলের শাড়ি কিভাবে পশ্চিমবঙ্গ জিআই স্বত্ব পান। দ্রুতই টাঙ্গাইলের শাড়ি জিআই স্বত্ব টাঙ্গাইলের নামে পেতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। 

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ি আড়াইশ’ বছরের ঐতিহ্য। তাঁতের শাড়িসহ তিনটি পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পাওয়া আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী জিআই স্বীকৃতি পাবো। ভারত জিআই আবেদন করলে টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এই তাঁত শাড়ী জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। 

 

   

About

Popular Links

x