Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাঁচ ঘণ্টা ধরে পুড়ছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ গুদাম

নারায়ণগঞ্জ নগরীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন ৫ ঘণ্টা ধরে জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুদামের দক্ষিণ পাশে পরিত্যক্ত পাইপের স্তুপে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ‍সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তবে, বিআইডব্লিউটিএ’র গুদামে প্লাস্টিকের পাইপ ও রাবারের মতো বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়ে ২-৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে অন্য টিমগুলোও যুক্ত হয়।”

তিনি বলেন, “আমরা আগুন নেভাতে ফোমের ব্যবহার করেছিলাম, কিন্তু খোলা জায়গা হওয়াতে তা কাজে আসেনি। তাই চারদিক দিয়ে ঘিরে রেখে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

স্থানীয়রা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে দুপুর ১টার দিকে। গুদামে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লেগেছে। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হতো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, “আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও সময় লাগবে।”

তিনি বলেন, “প্লাস্টিক ও রাবার জাতীয় বস্তু থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি।”

   

About

Popular Links

x