Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের খালে ভাসছিল মৃত বাঘ

বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম

বাগেরহাটে সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকার একটি খাল থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগের তথ্যমতে, বাঘটি পুরুষ। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বয়স আনুমানিক ১৫ বছর। বাঘের দৈর্ঘ্য লেজসহ নয় ফুট এবং উচ্চতা চার ফুট ৬ ইঞ্চি। ওজন ২৫৫ কেজি।

ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সেখানে প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, কী কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তা জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।

   

About

Popular Links

x