Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেটে ঢুকে যাওয়া দুই ফুট লম্বা জীবন্ত কুঁচিয়া বের হলো অস্ত্রোপচারে

মৌলভীবাজারের হাইল হাওড়ে মাছ ধরতে গিয়ে কাদায় আটকে গেলে তিনি অনুভব করেন পায়ুপথ দিয়ে কী যেন ঢুকছে

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দা সম্ররা মুন্ডার (৫৫) পেটে অস্ত্রোপচার করে দুই ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের জীবন্ত কুঁচিয়া মাছ বের করা হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, শনিবার (২৩ মার্চ) মুন্ডা স্থানীয় হাইল হাওড়ে মাছ ধরতে যান। এ সময় তিনি হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছ কাদায় পড়ে যায়। এরপর তিনি অনুভব করেন তার পায়ুপথ দিয়ে কী যেন ঢুকছে। তবে তখন সেটিকে গুরুত্ব দেননি সম্ররা।

বাড়িতে আসার পর তার পেটে প্রচণ্ড ব্যথা হয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানী মেডিকেলের চিকিৎসকরা তার কথা শুনে এক্স-রে করান। এতে ধরা পড়ে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু। সেদিন রাতেই সেখানে অধ্যাপক ডা. জানে আলমের নেতৃত্বে চার চিকিৎসক দুই ঘণ্টা অপারেশন চালিয়ে সম্ররার পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জীবিত দুই ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের কুঁচিয়া বের করা হয়েছে। বর্তমানে সম্ররা মুন্ডা হাসপাতালে শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন।

তিনি জানান, কুঁচিয়াটি সম্ররা মুন্ডার পেটের মধ্যে কিছু নাড়ি কেটে ফেলেছে, যার কারণে পায়খানার রাস্তা বন্ধ রেখে আপাতত নল দেওয়া হয়েছে। দেড় মাস পর আরও একটি অস্ত্রোপচার করতে হবে।

   

About

Popular Links

x