সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে সুন্দরবনের নোটাবেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু। তিনি শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান ২ এপ্রিল মধু আহরণের জন্য সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে।
তিনি বলেন, “মনিরুজ্জামানের সঙ্গীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। তবে তার আগেই মনিরুজ্জামানের মৃত্যু হয়।”
নুরে আলম জানান, মনিরুজ্জামানের মরদেহ ফিরিয়ে আনতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।



