সরাসরি টেকনাফ থেকে মাদকদ্রব্য ইয়াবা কিনে আনেন মাসুদ। তার স্ত্রী তানিয়া সেই ইয়াবা ঢাকার আশুলিয়ায় সেবনকারীদের কাছে পৌঁছে দেন। আশুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এই দম্পতি। অবশেষে এই দম্পতি ও তাদের সহযোগীসহ মোট পাঁচ মাদক কারবারি ধরা পড়েছেন পুলিশের জালে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে তাদের ঢাকার আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।
এর আগে রবিবার বিকেলে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাসুদ মৃধা (৩২) ও তার স্ত্রী তানিয়া বেগম (২৪), রবিউল ইসলাম ওরফে রাসেল মৃধা (৩৫), বাগেরহাটের নজরুল ইসলাম ওরফে জসিম (২৭) ও দিনাজপুরের আক্তার হোসেনকে (৩৫)।
মাসুদ-তানিয়া দম্পতি আশুলিয়ার ছনটেকি এলাকায় আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। বাকিরাও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
তাদের কাছ থেকে মোট ৩০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। মাসুদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া সহ বিভিন্ন থানায় মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে আছে ৯টি মামলা। বাকিদের বিরুদ্ধেও একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুটকি, বিভিন্ন কাঁচামালসহ বিভিন্ন পণ্যের মধ্যে লুকিয়ে মাসুদ নিজেই টেকনাফ থেকে মাদক নিয়ে আসতেন আশুলিয়ায়। স্ত্রীর সহায়তায় ভাড়া বাসায় বসে সেই মাদক প্যাকেজিং করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রায়ই তার স্ত্রী খুচরা ক্রেতাদের কাছে মাদক সরবরাহের কাজটি করতেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না, আমরা তদন্ত করে দেখছি।



