Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়র আতিক: অভিজাত এলাকায় অভিজাত ‍সব ময়লা পেয়েছি

মেয়র বলেন, ‘ড্রেন ও খাল থেকে আমরা তোশক, সোফা, কমোড ও রিকশা পেয়েছি। এসব যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই’

আপডেট : ১১ মে ২০২৪, ০৫:০২ পিএম

নাগরিকদের সচেতন করতে বর্জ্য-প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, “প্রথমবারের মতো ‍আমরা ময়লা-আবর্জনার প্রদর্শনীর আয়োজন করলাম। খাল পরিষ্কার করতে গিয়ে আমরা অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছি।”

শনিবার (১১ মে) সকালে গুলশান ডিএনসিসি ভবনের সামনের রাস্তায় প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনের পর ময়লা-আবর্জনাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন।

মেয়র বলেন, “প্যারিস খাল, লাউতলা খাল, গুলশান লেকে দেখলাম অভিজাত সব ময়লা। তখন আমার কাছে মনে হলো এই আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করি। যাতে মানুষ এগুলো দেখে সচেতন হয়।”

আতিকুল ইসলাম বলেন, “প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত। এখানে সব ধরনের ময়লা আছে। ড্রেন ও খাল থেকে আমরা তোশক, সোফা, কমোড ও রিকশা পেয়েছি। এসব যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “নগরবাসীকে বলতে চাই, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। ঢাকায় কোটি লোকের বসবাস। নগরবাসী যদি এগিয়ে না আসেন, রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের (ডিএনসিসির) জন্য দুষ্কর।”

   

About

Popular Links

x