চিত্রনায়িকা পরীমণির সঙ্গে “বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক” স্থাপনের অভিযোগে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশানে বিভাগের সাবেক উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন।
বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে অভিযুক্ত সাকলায়েনকে দোষী সাব্যস্ত করে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত উল্লেখ করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সাকলায়েনের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত বিষয়ে পিএসসির পরামর্শ চাওয়া হয়েছে।
পরীমণিকাণ্ডের পর আলোচনায় আসা সাকলায়েনকে ডিএমপির ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে তিনি ঝিনাইদহে পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।
বোট ক্লাব-কাণ্ডের প্রেক্ষাপটে সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা পরীমণির। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে; গড়ে ওঠে সম্পর্ক।
এরপর বিভাগীয় তদন্তে উঠে আসে, সরকারি দায়িত্বের বাইরে সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরীমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এদিকে, সাকলায়েনের চাকরি চলে যাওয়ার কারণে খারাপ লাগছে চিত্রনায়িকা পরীমণির। মঙ্গলবার (২৫ জুন) দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার।”
তিনি বলেন, “প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।”
কার ব্যক্তিগত আক্রোশ, এমন প্রশ্নে পরীমণি বলেন, “আমি জানি না। তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ...কিন্তু এমনটা নয়, প্রেম-ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না।”
তিনি বলেন, “সাধারণত যে ট্যালেন্ট, সফল হয়- তার পেছনে অনেকেই লেগে থাকে। এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে।”



পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
পরীমণি কি পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে ‘রাসেলস ভাইপার’ বললেন?