Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘হোটেল সান মেরিনা’ নিয়েও প্রতারণার পরিকল্পনা ছিল আবেদ আলীর?

  • হোটেলের শেয়ার বিক্রির পোস্ট দিয়েছিলেন আবেদ আলী
  • হোটেল কর্তৃপক্ষ বলছে, আবেদ আলীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:০২ পিএম

“কুয়াকাটায় আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা, কুয়াকাটা। সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা ও একই সঙ্গে একটা হোটেলের মালিকানা অর্জন করতে আপনিও শেয়ার কিনতে পারেন। শেয়ার কিনতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।”

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী নিজেকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের মালিক দাবি করে এ বছরের ১৮ মে তার ফেসবুকে এমন একটি লেখা পোস্ট করেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলছে- আবেদ আলী নামে কাউকে তারা চেনেন না। তাই বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কি হোটেলে শেয়ার বিক্রির নামেও প্রতারণার পরিকল্পনা করছিলেন আবেদ আলী?

সরেজমিনে দেখা গেছে, সান মেরিনা হোটেলটি এখনও নির্মিত হয়নি। নির্ধারিত জায়গাটিও খালি পড়ে আছে। সামনের অংশে ৭ থেকে আটটি টিনশেড দিয়ে তৈরি রুম আছে। এ ছাড়া হোটেলটি কোন ডিজাইনে হবে তার ছবি দিয়ে একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে হোটেলের নির্ধারিত জায়গার সামনের অংশে।

২০১০ সালে এ হোটেলের মূল মালিক দাবিদার মো. মোশারফ হোসেন আবাসিক হোটেল নির্মাণ করার জন্য কুয়াকাটা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়ায় ৪০ শতাংশ জমি কেনেন।

সান মেরিনা হোটেলটির বিস্তারিত তথ্যের অনুসন্ধান করে জানা যায়, এ হোটেলটির মালিক মো. মোশাররফ হোসেন। তিনি লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপটি পিডিবি (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), রুরাল ইলেট্রিফিকেশন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ঠিকাদার হিসেবে সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইনের নিয়মিত কাজ করে থাকে।

সান মেরিনা হোটেলে কর্মরত মো. ফারুক হোসেন ইউএনবিকে বলেন,  “আমি মোশাররফ স্যারের অধীনে অদ্যাবধি ৮ বছর যাবত চাকরি করছি। সৈয়দ আবেদ আলী নামে কাউকে আমি দেখিনি। তবে তিনি কয়েকমাস আগে এখানে এসে হোটেলের শেয়ার নেওয়ার জন্য আলোচনা করেছেন। তখন আমি তাকে মোশাররফ স্যারের সঙ্গে যোগাযোগ করতে বলছি। তখন একটা ছবি তুলতে দেখছি আমাদের হোটেলের বিজ্ঞাপনের সঙ্গে।”

সান মেরিনা হোটেলের মালিক মোশাররফ হোসেন বলেন, “গত দুই-তিন মাস আগে সৈয়দ আবেদ আলী আমার হোটেলটির সামনে অপর একটি হোটেলে এসে উঠেন। পরদিন সকালবেলা আমার হোটেলের জায়গায় গিয়ে শেয়ার ক্রয় করবেন বলে জানায়। তখন সে আমার লোকের কাছ থেকে শেয়ার ক্রয়ের বিস্তারিত জেনে যায়। এ পর্যন্তই। আসলে আমি কখনও তাকে দেখিনি এবং চিনিও না।”

তিনি আরও বলেন, “আবেদ আলীকে একজন টাউট প্রকৃতির লোক বলে মনে হয়েছে। আমি এ জন্য ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।”

আবেদ আলীর বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তার বাবার নাম আবদুর রহমান মীর। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি এলাকায় জনসংযোগ শুরু করেছিলেন।

গত রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর পিএসসির ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপর সিআইডির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবেদ আলীসহ এই চক্রের ১৭ জনকে আটক করে।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন এ মামলায় গ্রেপ্তার ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

   

About

Popular Links

x