কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশার বিরুদ্ধে নালিশি মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে এ আবেদন করেন মোরশেদ মঞ্জুর নামের এক ব্যবসায়ী।
মামলায় বিদিশার সঙ্গে গাইবান্ধার বাসিন্দা রাশেদুল ইসলাম ও শাহজাদা খন্দকার নামের দুইজনকে বিবাদী হিসেবে রাখা হয়। আর মোরশেদ মঞ্জুর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার শফি টাওয়ারের বাসিন্দা।
এ বিষয়ে বাদীর আইনজীবী মুহাম্মদ জি ইউ মাসউদ চৌধুরী বলেন, “আদালত শুনানির জন্য আগামী ৫ আগস্ট ধার্য রেখেছেন। সেদিন বাদীর বক্তব্য গ্রহণ করে পরবর্তী আদেশ দেবেন আদালত।”
মামলার আবেদনে বলা হয়, বাদী মোরশেদ মঞ্জুর একজন ব্যবসায়ী। তার সঙ্গে বিদিশার যৌথ ব্যবসা ছিল। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর পারিবারিক বিভিন্ন জটিলতায় পড়লে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ধার দেন বিদিশাকে। কিন্তু ওই টাকা তিনি পরিশোধ না করে আত্মসাৎ করেন। এছাড়া অপর দুই বিবাদীর সহযোগিতায় তাকে নানাভাবে হুমকি দেন।
মামলার বিষয়ে বিদিশা সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছেন, “মোরশেদ মঞ্জুর তাদের গাড়িচালক ছিলেন। তাদের গাড়ি চুরির অভিযোগে মোরশেদ মঞ্জুর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন। মামলা থেকে বাঁচতে এসব মিথ্যা অভিযোগ করেছেন।”



