ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিসহ ক্যাম্পাসের ভাসমান সকল দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস, প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের থেকে টিএসসিতে অবস্থিত সব ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। টিএসসির দোকান উচ্ছেদের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাসমান মানুষদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। এসময় টিএসসি থেকে কার্জন হল পর্যন্ত যত ফুলের দোকান, খাবারের দোকান ছিল সেগুলোও উচ্ছেদ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সব ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছি। তবে কিছু দোকান পরে টিএসসিতে স্থাপন করা হবে। সেক্ষেত্রে দোকানদারদের সাথে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক বরাদ্দকৃত দোকানগুলি টিএসসিতে বসবে।
এস্টেট অফিসের ব্যবস্থাপক ফাতেমা বিনতে মুস্তাফা বলেন, “যে সব জায়গায় দোকানের প্রয়োজন, প্রক্টর সে সব দোকানের তালিকা তৈরি করবেন। সিন্ডিকেট সভায় অনুমোদিত হওয়ার পরেই ক্যাম্পাসে নতুন দোকান অনুমোদিত হবে। ততদিন পর্যন্ত সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।



