ভোলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় বৈরী আবহাওয়ার কারণে ১০ জেলেকে নিয়ে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় সাগরে থাকা অন্য জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও সাতজন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাছ শিকার করে বঙ্গোপসাগর মোহনা থেকে ঢালচর ঘাটে ফেরার পথে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ঢালচর ঘাটের জেলেরা ঢাকা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুই দিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি সাগরের মোহনায় ডুবে যায়। আশপাশের জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও সাত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলারমালিক আবদুস সালাম হাওলাদার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, “ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।”
চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।”



