ক্রেস্ট কালচার বন্ধের আহ্বান জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম আবদুল আওয়াল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত প্রীতিভোজের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজকে আমাকে এখানে যে ক্রেস্টটা দেওয়া হয়েছে, তাতে ৫০০ টাকা খরচ হয়েছে। এটা আমাকে না দিয়ে, এই টাকা একটা গরীব পরিবারকে দিলে খুশি হতাম। ফুল, ক্রেস্ট কালচার বন্ধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এসব পছন্দ করি না।”
উপাচার্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদেরকেও স্মরণ করেন।
অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, “দীর্ঘ ১৭ বছরে দেশে কোনো সিস্টেম তৈরি হয়নি। দেশে একটা স্বৈরাচারী শাসন চলেছে। বিভিন্নভাবে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি একটা নতুন দেশ পেয়েছে। সেই দেশকে আমাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। সেজন্য আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে।”
তিনি বলেন, “আমি এখানে বসে দীর্ঘক্ষণ নানান সমস্যার কথা শুনেছি। কাউকে ডেকে এনে অভিযোগ করার কালচারও বন্ধ করতে হবে। হলের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কমন সমস্যা। এগুলো বলার কিছু নেই। শিক্ষার্থীদের সকল সমস্যা আমি হলে নিজে গিয়েই এক্সপ্লোর করব এবং সেগুলো সমাধান করব।”
তিনি আরও বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে আসিনি, আমি এই বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে এসেছি। প্রতিটি পরিবারে সমস্যা থাকবে, আলোচনার মাধ্যমে পরিবারের একজন সদস্য যেমন পরিবারের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করেন, আমিও সেটি করব। সময় নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। নতুন পরিবেশ তৈরি করতে হবে। এবার আমরা ব্যর্থ হলে দাঁড়াতে পারবে না দেশ। জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবা ও তোমাদের সেক্রিফাইস করতে হবে। সৎ, ভদ্র ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান এবং শিক্ষকরা।



