Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

১০০তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম

বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ১০টি নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম ও ৪ জন সহকারী প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা সবাই চাই নিরাপদ ক্যাম্পাস। নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে গেলে আমাদের সবাইকে কাজ করতে হবে। এ ছাড়া অনেক সময় শিক্ষার্থীরা জানে না সমস্যা সমাধানের জন্য কোথায় যেতে হবে। তাই আমরা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছি প্রক্টরিয়াল বডির কাজ কোনগুলো এবং অন্য দপ্তরগুলো কোন কোন কাজগুলো করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় জোর দিচ্ছে। যেটা আশাবাদী করে সবাইকে। আমরাও চাই শিক্ষার্থীদের পড়ালেখার একটি সুষ্ঠু পরিবেশ দিতে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ক্রীড়া ও অন্যান্য বিষয় সম্পর্কিত যেকোনো আয়োজন করতে প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

হল সংক্রান্ত যেকোনো সমস্যায় হল কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যার সমাধান করতে হবে। সমাধান না হলে প্রভোস্টের মাধ্যমে প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে। বিভাগে কোনো সংকট ও সমস্যা বিভাগের ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে হবে। সমাধান সম্ভব না হলে ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে, যে কারও দ্বারা যৌন-হয়রানি, ইভটিজিং, বডি শেমিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয়ের “যৌন-নিপীড়ন প্রতিরোধ সেল” এ লিখিত অভিযোগ করতে হবে। স্বাস্থ্যসংক্রান্ত ও মেডিক্যাল সার্ভিস সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া চাকরিপ্রার্থী কিংবা কোনো চাকরিজীবীর বিষয়ে অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে। পানি, গ্যাস, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনে যোগাযোগ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ক্যাম্পাসে “মব জাস্টিস” ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে কিংবা সংঘটিত হলে বা হওয়ার আশঙ্কা দেখলে প্রক্টরিয়াল টিমকে দ্রুত জানাতে হবে।

 

   

About

Popular Links

x