গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি মণ্ডপে কর্মরত আনসার সদস্যদের অভিযোগ, সহকারী কমান্ডাররা তাদের কাছ থেকে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অগ্রিম আদায় করেছেন। তবে সহকারী কমান্ডাররা এটিকে ঘুষ বলতে নারাজ। তাদের ভাষ্য, খরচা বাবদ তারা কিছু টাকা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর কোটালীপাড়া উপজেলায় ৩২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন ২,০৬৩ আনসার সদস্য। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাদের নিয়োগ দিয়েছেন ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারদের মাধ্যমে। পাঁচ দিন দায়িত্ব পালনের জন্য প্রত্যেক আনসার সদস্যের দুই হাজার ৮৫০ টাকা পাওয়ার কথা। এই টাকা তারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। তবে সেই টাকা পাওয়ারে আগেই আনসার সদস্যদের কাছ থেকে জনপ্রতি অগ্রিম ৩০০-৬০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরে দায়িত্ব পালন করা আনসার সদস্য বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, “ডিউটি পেতে আমাদের কাছ থেকে ৬০০ টাকা নেওয়া হয়েছে। বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এই টাকা নিয়েছেন।”
এ ব্যাপারে সহকারী কমান্ডার আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “ভ্যান ভাড়া, মাস্টাররোলসহ বিভিন্ন খরচবাবদ আমরা কিছু টাকা নিয়েছি। এই টাকা থেকে কিছু অফিসের খরচবাবদও দিতে হয়েছে।”
এদিকে হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের ৮টি পূজামণ্ডপ ঘুরে শুধু ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপে দুইজন আনসার সদস্যকে দায়িত্ব পালনে দেখা যায়। অথচ আটটি মণ্ডপে ৫২ আনসার সদস্য থাকার কথা। জানা গেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের বরাদ্দ টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন। এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি নিয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, “দুর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ কোন টাকা আদায় করার বিধান নেই। তারপরও যদি কোনো কমান্ডার বা সহকারী কমান্ডার টাকা নিয়ে থাকেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”



