ব্যবহারকারীদের সুবিধার্থে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ-উল বারী।
সোমবার (৪ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘‘আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে এমদাদ-উল বারী বলেন, ‘‘ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কম হওয়া উচিত, যা নিয়ে কাজ করছে বিটিআরসি। বিটিআরসির অনেক ক্ষমতা হ্রাস পেয়েছে। সেগুলো পুনরুদ্ধারে কাজ করা হবে। সেই সঙ্গে আগামীতে অধিক সংখ্যক লাইসেন্স আর দেওয়া হবে না। বরং টেকসই লাইসেন্স দিতে কাজ করা হবে। আমরা এখন ভয়েস ফ্রেন্ডলি থেকে ডেটা ফেন্ডলিতে যাব।’’
তিনি আরও বলেন, ‘‘মোবাইল অপারেটরেরা সব টাওয়ার কোম্পানিগুলোকে দিয়ে দিতে চাইছে। আবার অপারেটরেরা যদি সাশ্রয়ী দামে ফাইবারের সেবা নিতে চাই সেদিকেও খেয়াল রাখতে হবে।’’
কখনোই ইন্টারনেট বন্ধ হওয়া উচিত নয় মন্তব্য করে বারী বলেন, ‘‘টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না। যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেওয়া হবে। আজকের দিনে ইন্টারনেট মৌলিক অধিকার আইন হওয়া উচিত।”
উল্লেখ্য, বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা সাড়ে ১২ কোটি।



