Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহতের খবর জানিয়েছে বিজিবি। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন। তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সৈয়দ আলম বলেন, “দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ ধরতে যায়। এ সময় সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে জেলেদের গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।”

দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, “ভুলক্রমে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেকে গুলি করে মিয়ানমার নৌবাহিনী। পরে তারা (মিয়ানমার) আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়।”

তবে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তবে জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে অবগত নন উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্বে থাকা (ভূমি) সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী।

এর আগে, ১১ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় আরও জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।

   

About

Popular Links

x