Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭২৩ কল

বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো বাধা পেলে বা যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, তা সরাসরি মুঠোফোনে জানাতে চালু করা হয় হেল্পলাইন। বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালু করা এই হেল্পলাইনে গত দুই মাসে ৭২৩টি কল এসেছে।

বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নম্বরে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল এসেছে। এর মধ্যে ৪২৬টি কলের মাধ্যমে কলদাতা আইনি পরামর্শ নিয়েছেন। ২৪৩টি কলের মাধ্যমে সেবাগ্রহীতারা মামলা সংক্রান্ত তথ্য নিয়েছেন। এছাড়াও বিভিন্ন অনিয়ম, কাজে অবহেলা, সেবা প্রাপ্তিতে বিলম্ব ও দুর্নীতি সংক্রান্ত ৪২টি কল এসেছে। অভিযোগগুলো সম্পর্কে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এদিকে, প্রধান বিচারপতির এ উদ্যোগকে সময়োপযোগী ও মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, “সেবা গ্রহণে আসা মানুষের হয়রানি লাঘবে এটি ইতিবাচক ভূমিকা রাখছে। এটি সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা যে কাঙ্ক্ষিত বিচার বিভাগের স্বপ্ন দেখি তা বাস্তবায়ন হবে বলে এখন আমরা আশা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “বিচার বিভাগ হবে স্বাধীন। এখানে বিচারকগণ যেমনি সার্বভৌম থেকে বিচারিক মন নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন তেমনি বিচারিক সেবার জন্য আসা মানুষও কোনোরূপ প্রতিবন্ধকতা ও হয়রানি ছাড়া সেবা গ্রহণ করবেন- এটি সকলের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে প্রধান বিচারপতির বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।”

সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করতে হেল্পলাইনটি চালু করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন চালু থাকে।

এখন সুপ্রিম কোর্টে আসা সেবাগ্রহীতারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ নিতে পারেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার সকল কর্মকর্তার উদ্দেশ্যে ১২ দফা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা দেওয়ার সময় অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণের প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

এরই ধারাহাবিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়।

   

About

Popular Links

x