Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে ফের হামলা, অগ্নিসংযোগ-লুটপাট

এর আগে মঙ্গলবার হামলা ও সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) দুই দিনের ব্যবধানে আবার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর এলাকায় দরবারে হামলা করে বিক্ষুব্ধ জনতা।

এর আগে গত মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হন। তাদের মধ্যে মো. হাফেজ উদ্দিন (৪০) নামের একজন বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ জোহর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজমাঠে জানাজা শেষে তার লাশ কান্দাশেরীরচর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও দরবার সূত্রে জানা গেছে, মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও সংঘর্ষে হাফেজ উদ্দিনের মারা যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় হাফেজ উদ্দিনের জানাজা শেষে দুপুরে কয়েক হাজার লোক লাঠিসোঁটা, দেশি অস্ত্র নিয়ে লছমনপুর এলাকায় দরবার শরিফে গিয়ে হামলা করে। এ সময় দরবারের বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি মূল্যবান আসবাব, গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ নগদ টাকা লুটপাট করা হয়।

হামলার সময় বিক্ষুব্ধ লোকজনের সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে জনতাকে বাধা দিলেও বিকল্প পথে তারা দরবারে ঢুকে পড়ে। তবে হামলার আগে সব খাদেম ও মুরিদ দরবার ত্যাগ করায় কেউ আহত হননি।

দরবারের অন্যতম খাদেম মো. ইলিয়াছ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে আমাদের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আতঙ্কগ্রস্ত অবস্থায় আমরা দরবার শরিফের পরিবর্তে অন্যত্র অবস্থান করছি।”

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন তারা। হতাহতের ঘটনা এড়াতে কয়েক হাজার মানুষের ওপর কঠিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এসব ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x