ফরিদপুরের মধুখালীতে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মো. জুয়েল (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জুয়েল ওই বাসের সুপারভাইজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
ওসি আবদুস সালাম বলেন, “ময়দাবোঝাই ট্রাকটি মধুখালী পৌরসভার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে এর একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। পরে চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়।”
এতে বাসটির সুপারভাইজারসহ নয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কবির সরদার জানান, আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি জানান, জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



