Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড. দেবপ্রিয়: আজকের আমলাই ভবিষ্যতের রাজনীতিবিদ-ব্যবসায়ী

দেবপ্রিয় বলেন, ‘আজকে যে আমলা, কাল সেই রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “আমলারা এখন নানা পরিচয়ে মানুষের সামনে হাজির হন, যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত “সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা” শীর্ষক নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৮ ও ৯ ডিসেম্বর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে দেবপ্রিয় বলেন, “আজকে যে আমলা, কাল সেই রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী। এটাই তো সমস্যা হয়ে গেছে। উনারা বহুরূপে এখন আমাদের সামনে আসেন। অনেক ক্ষেত্রে এই তিনটি একই হয়ে গেছে।”

এই জননীতি বিশ্লেষক এর আগে অংশগ্রহণকারীদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “কে বেশি ক্ষমতাধর- আমলা, রাজনীতিবিদ নাকি ব্যবসায়ী।” এ প্রশ্নের জবাবে অংশগ্রহণকারীরা বলেন, “আমলারা।”

এরপর তিনি বলেন, “আমরা সারা বাংলাদেশ ঘুরে আলোচনা করেছি। সেসব আলোচনায় আমলাদের সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে বলা হয়েছে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। অনেক ক্ষেত্রে এই তিন পরিচয় একই ব্যক্তির হয়ে গেছে।”

ড. দেবপ্রিয় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন। স্বাধীন স্থানীয় সরকার কমিশন হলে সাধারণ অজুহাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের সংস্কৃতি রোধ করা যায় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেট বরাদ্দ দেওয়া যায়।

   

About

Popular Links

x