Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারজিস: জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতেও হবে না বলেও মন্তব্য করেন তিনি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতেও হবে না।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সারজিস বলেন, “আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩-৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।”

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলে জানায় জাতীয় নাগরিক কমিটি।

   

About

Popular Links

x