Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে স্বর্ণের ১৮টি বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নুর হোসেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বসবাস করেন। বিজিবির মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

এ বিষয়ে মুজিবনগর বিওপি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার রফিকুল ইসলাম বলেন, “মুজিবনগর সীমান্ত হয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে। মুজিবনগর উপজেলার ১০৪ নম্বর মেইন পিলারের অধীন ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছিলেন তিনি। এসময় বিজিবির সদস্যরা তাকে আটক করেন এবং তার শরীর তল্লাশি করেন। এসময় তার কোমরে লুকিয়ে রাখা কাপড়ের মধ্য থেকে স্বর্ণের ১৮টি বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ১৮ গ্রাম।”

এছাড়াও বিজিবি ৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর বলেন, “একজন ভারতীয় নাগরিক কীভাবে অবৈধভাবে দেশে প্রবেশ করে স্বর্ণের বার সংগ্রহ করে আবার ভারতে ফেরত যান, সে বিষয়ে বিজিবি তদন্ত করছে। এ ঘটনায় বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

   

About

Popular Links

x