চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল বাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ৪০,০০০ টাকা, তিনটি মোবাইল ফোন, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে।
বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে ডাকাতরা দরজা ভেঙে বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। আলমারিতে রাখা ও নারীদের পরনে থাকা স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, সিসি ক্যামেরার মনিটর, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর ও সিপিইউ নিয়ে যায় তারা।
খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, ডাকাতির খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাতিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।



