জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।
বুধবার বেলা ১১ টার ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মাহবুব আলী খানকে দাফন করা হয়।
এদিকে জানাজার সময় মনির খানের পকেট থেকে তার ব্যবহৃত আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে গেছে। সাংবাদিকদের এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সংগীতশিল্পী মনির খান।
এ বিষয়ে তিনি বলেন, ‘‘বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বইছে। সেই মুহুর্তে কিছু অসাধু লোক, সুযোগসন্ধানী আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। এতে অনেক পুরনো ফোন নম্বর রয়েছে। কিছু জায়গায় তথ্য দিয়েছি।”
তিনি আরও বলেন, “যারা ফোন চুরি করতে পারে, তাদের ভেতরে অনেক দুষ্টুমি থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান, যে ফোনটি চুরি হয়েছে, সেই নম্বর থেকে কল দিলে সতর্কতার সঙ্গে কথা বলবেন।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “শিল্পী মনির খানের বাবা মারা গেছে এটা শুনেছি। তবে তিনি যে এলাকায় আসছেন আমরা সেটা জানিনা। তার মোবাইল চুরি হয়েছে এটাও আমাদের জানাননি। এরকম কিছু ঘটে থাকলে সেটা খুবই দুঃখজনক।”
অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



