Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

নেত্রকোনা জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ৪ ঘণ্টার ব্যবধানে পর তার স্ত্রী রিনা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া রফিকুল ইসলাম খালিয়াজুরি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক ছিলেন। তার স্ত্রী রিনা বেগম ছিলেন একজন গৃহিণী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার স্বজনরা একটি মাছের খামার ভাড়া নিয়ে মাছ চাষ করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল ওই খামারে যান। এসময় তিনি সেখানে বিদ্যুৎ চালিত মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ সাতপাই বাসায় নিয়ে গেলে স্বামীর মরদেহ দেখে তার স্ত্রীও মারা যান। ৪ ঘণ্টা ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় রফিকুল ইসলামের প্রতিবেশী রুবেল তালুকদার বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে রফিকুল ইসলামের মরদেহ বাসায় নিয়ে এলে তার স্ত্রী রিনা বেগম মৃত স্বামীর খাটিয়া ধরে চিৎকার করতে করতে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।”

পরে রফিকুলের ছোট ভাই পান্না ইসলাম বলেন, ‘‘ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ভাবিও স্ট্রোক করে মারা যান। ভাই ও ভাবি পরস্পরকে খুবই ভালোবাসতেন।

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। রফিকুলের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”

   

About

Popular Links

x