Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্চে বাড়ছে না জ্বালানি তেলের দাম

ফেব্রুয়ারি মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে দাম ছিল, মার্চেও তাই থাকছে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

দেশে জ্বালানি তেলের দাম মার্চে অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে দাম ছিল, মার্চেও তাই থাকছে।

শনিবার (১ মার্চ) এক অফিস আদেশ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, “মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।”

এর আগে গত ৩১ জানুয়ারি পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের মতো জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়। ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হয়। আর জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে ৩১ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুসারে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১২৬ টাকা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, “দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।”

অকটেন ও পেট্রোল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫% ডিজেল।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

   

About

Popular Links

x