Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

প্রতি বছরের মতো এবারও ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সব জায়গা অন্ধকার রাখা হবে।

রবিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জাতীয় পর্যায়ে নানান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে এ দিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) কর্মসূচি পালন করা হবে। আর গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।

এছাড়া দিবসটি উপলক্ষে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, ঢাকাসহ সব সিটি কর্পোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে এবং গৃহীত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে। এছাড়াও ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে জোহরের নামাজের পর বা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

   

About

Popular Links

x