Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে

বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগর থেকে ২টি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “মাছ ধরার দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেরা আতঙ্কিত।”

টেকনাফ শাহপরীর দ্বীপ ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আবদুল মান্নান বলেন, “মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।”

ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তবে কে বা কারা জড়িত সেটি এখনো জানা যায়নি।”

   

About

Popular Links

x