খুলনা নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি।
রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এই মিছিল হয়।
“বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা”র ব্যানারে আয়োজিত ওই মিছিলের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনার সরকার, বারবার দরকার”, “শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে” প্রভৃতি স্লোগান দিচ্ছিলেন।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, “আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, “হঠাৎ গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।”



