Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামানিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দিলীপ কুমার বলেন, “আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় রিলায়েন্স অটোর মালিকের বাসায় রেখেছিলাম। রবিবার সকালে ওই টাকা নিয়ে রিকশায় করে দোকানের দিকে রওনা দেই। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “তাদের একজন আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করি। ঠিক তখনই ছিনতাইকারীরািআমার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরিকাঘাত করে আমার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহের আওতায় এনেছে।

দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, “দিলীপ অনেকদিন ধরে আমাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান।”

ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, “আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।”

   

About

Popular Links

x