গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগায় এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের উজিলাব এলাকায় ন্যাশনাল পোল্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী সরদার (৫০) রংপুরের বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, একই গ্রামের ইয়াকুব মণ্ডল, আলম আলী ও পাশের তারাগঞ্জের গ্রামের ছাত্তার কাজী। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা। হতাহতরা প্রত্যেকেই ধান কাটার দিনমজুর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। মাওনা-বরমী সড়কের উজিলাব ন্যাশনাল পোল্ট্রির সামনে পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন।
ন্যাশনাল পোল্ট্রির নিরাপত্তা কর্মী হারুন মিয়া জানান, নাহার গ্রুপের একটি ট্রাক সড়কে পার্কিং করা ছিল। ওই ট্রাকে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। নাহার গ্রুপের ওই ট্রাক ন্যাশনাল পোল্ট্রির ভেতরে রাখা হয়েছে। তবে চালকের কোনো তথ্য বা সন্ধান তিনি দিতে পারেননি তিনি।



