আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সোমবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে শেষ অনুশীলন ‘ক্লোজডোর’ রেখেছিলেন লিওনেল স্কালোনি। এরপর মিলেছে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত!
ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল গঞ্জালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। তিনি সতীর্থদের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন, তবুও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকতে পারেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই ডিফেন্ডার।
তবে সতর্কতা হিসেবে ধারণা করা হচ্ছে, তার জায়গায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলবেন নাহুয়েল মোলিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যে দল মাঠে নেমেছিল, সেই একাদশ নিয়ে স্কালোনির এখনও দুটি সিদ্ধান্ত নেওয়া বাকি। প্রথম পরিবর্তনটি হতে পারে আক্রমণভাগে। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে।
ফাঁকা জায়গা কাজে লাগানোর ক্ষেত্রে গঞ্জালেস বেশি গতিশীল, বিশেষ করে এমন একটি প্রতিপক্ষের বিপক্ষে যারা অনেক উঁচু লাইনে চাপ প্রয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে। হুলিয়ান আলভারেজ সম্ভবত লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ঢুকতে পারেন। চোট কাটিয়ে তিনি গত ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।



