মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ডাম্পট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুরের গাড়াডোব গ্রামের শাহিন আলী (৪৫) আক্তার বানু (৪৫) এবং মাইক্রোবাসচালক জামাল হোসেন (৫০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরও তিন নারী।
নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের সঙ্গে রাত ১২টার দিকে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসে থাকা আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু এবং চালক জামালের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল সংবাদমাধ্যমকে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ডাম্পট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।”



