মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি-না, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “বর্তমানে আমরা বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য নিম্নচাপের পূর্বাভাস পাচ্ছি। ২৪ থেকে ২৫ মের মধ্যে এটি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি-না, তা এখন বলা যাচ্ছে না। আশঙ্কা রয়েছে প্রায় ৩০%।”
সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার উপযোগী জানিয়ে তিনি আরও বলেন, “নিম্নচাপের আশঙ্কা মোটামুটি ৭০%। আর এটি ঘূর্ণিঝড় হবে, এমন আশঙ্কা ৩০%। নিম্নচাপ তৈরি হলে সেটি কোথায় যাবে, কীভাবে শক্তি সঞ্চয় করবে, এসব বিষয় আরও কিছুদিন পর জানা যাবে।”
উল্লেখ্য, এবার যদি ঘূর্ণিঝড় হয়, তবে এর নাম হবে “শক্তি”। এই নামটি শ্রীলঙ্কার দেওয়া। বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর নামকরণ উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের বিধি অনুযায়ী হয়ে আসছে। এই বিধি অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সংঘটিত ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়।



যারা-যেভাবে রাখেন ঘূর্ণিঝড়ের নাম