রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ও এসএসসি পরীক্ষার্থী রয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার মহেশা এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম, মেয়ে এইচএসসি পরীক্ষার্থী আফসানা বেগম এবং ভাতিজা রহমত আলী (২)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী, মেয়ে এবং ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়ার মিরবাগ ডিগ্রী কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। মহাসড়কে ওঠামাত্রই রংপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, আফসানা বেগম এবং রহমত আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম। তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



