ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান প্রশাসক মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে সই করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আকবর হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে বদলি করা হয়েছে। তিনি এই দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।



