পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে যাত্রী ও পথচারীদের জন্য নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণকে বেশ কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন উদ্যোগ দেওয়া হয়েছে। এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাত্রী সাধারণকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
যাত্রীদের উদ্দেশ্যে নির্দেশনা:
১. সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না ওঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে ওঠতে হবে।
২. অপরিচিত কারও দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।
৩. মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে।
৪. বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/টার্মিনালে হাজির হতে হবে।
৫. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।
৬. চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্যবাহী/পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।
পথচারীদের উদ্দেশ্যে নির্দেশনা:
১. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে।
২. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না।
৩. ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।
এছাড়াও জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম বা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।



ঈদে যান চলাচল ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা