উষ্ণতম মাস হিসেবে এপ্রিলের পরই থাকে মে। আর এবার সেই মে মাসজুড়েই পুরো দেশ বৃষ্টিতে ভিজেছে। চলতি জুন মাসেও লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুন ২০২৫ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে ১ থেকে ২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে, এই মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ ৪ থেকে ৬ ঘণ্টা ঘণ্টা থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে মে মাসের পর্যালোচনা করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেখা যায়, মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬২.৯% বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৪ মে কক্সবাজার উপকূল এবং ৩১ মে সারাদেশে বিস্তার লাভ করে।
মে মাসে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৮৬ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ২৯৮ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৬২.৯% বেশি ।
এছাড়াও মে মাসে দেশে ১-৬, ৮ ও ১১-২৭ তারিখে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ এবং ২৯-৩১ তারিখে গভীর নিম্নচাপের প্রভাবে অনেক স্থানে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত ৪০৫ মি.মি. সিলেটে রেকর্ড করা হয় গত ৩১ মে।



