চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভারত থেকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।
এরপর বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মাসুদপুর ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ।
তিনি জানান, আটকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী, চারজন কিশোরী ও ছয়জন শিশু রয়েছে। আটকদের নাম ও ঠিকানা যাচাইয়ের কাজ শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুড়িগ্রামের বাসিন্দা। এর আগে ভারতীয় পুলিশ ভারতের হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে।
কর্নেল ফাহাদ বলেন, “ধারাবাহিকভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোয় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে।”
এর আগে, গত ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে আটজনকে ও ২৭ মে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।



বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে ঠেলে পাঠালো বিএসএফ