Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবু সাঈদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এসএসসি পাশ শিক্ষার্থী আটক

আটক সুমনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৩:০২ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এসএসসি পাশ এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাতে সান্দিকোনা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

আটক তরুণের নাম সুমন আহমেদ (১৮)। দুই বছর আগে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সুমন অশালীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি জুড়ে আবু সাঈদের একটি ছবি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ। এ খবর শুনে শুক্রবার রাত ৮টার দিকে কেন্দুয়া শহরে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজনের ভাষ্য, সুমন ও তার পরিবারের লোকজন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শনিবার মুঠোফোনে বলেন, “এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।”

   

About

Popular Links

x