Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশইন, আটক ৪৮

পাল্লাথল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হলো নারী-শিশুসহ বাংলাদেশিদের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার পাল্লাথল চা বাগান সংলগ্ন সীমান্ত এলাকায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় আনুমানিক ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এবারসহ এ বছরে মৌলভীবাজার জেলায় পুশইন হয়ে আটক হলেন মোট ৪৫২ জন। এর মধ্যে বড়লেখা উপজেলায় ৩৪১ জন, জুড়ী উপজেলায় ১০ জন, কুলাউড়া উপজেলায় ২১ জন, শ্রীমঙ্গল উপজেলায় ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলায় ৬১ জনকে আটক করা হয়েছে। এছাড়া, আরও বহুজন অনুপ্রবেশ করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

আটককৃতদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। বিজিবি জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x